উপদেষ্টা পরিষদ গঠন
উপদেষ্টা পরিষদ গঠন
পথে নামলেই পথ পাওয়া যায়। কাজ শুরু করলেই কাজের উপায় বের হয়। অলোয়ার স্কুল স্থাপনের পর দরবেশ আহমদ বুঝতে পারলেন, সামাজিক কাজ সমাজের সকল মানুষের সঙ্গে মিলে মিশে করতে হবে। এ অঞ্চলে আর কোথায় স্কুল, মাদরাসা বা মকতব স্থাপন করা যায়, মুসলমানদেরকে কিভাবে সুদের হাত থেকে বাঁচানো যায়, কিভাবে তাদের মধ্যে জাতীয় চেতনা ও ধর্মবোধ জাগ্রত করা যায়, এ সব কাজের পরামর্শ ও পরিকল্পনা গ্রহনের জন্য দরবেশ আহমদ একটি সহযোগিতা কমিটি বা উপদেষ্টা পরিষদ গঠন করতে চাইলেন।
একদিন দরবেশ আহমদ তাঁর বৈঠক খানায় স্থানীয় কয়েকজন মুরব্বী মাতাব্বর ডেকে এ ব্যাপারে পরামর্শ করলেন। সবাই বিষয়টির গুরুত্ব অনুভব করলেন এবং মৌখিক ভাবে একটি উপদেষ্টা কমিটি গঠন করে ফেললেন। এই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলেন, মানুষকে শিক্ষা সম্পর্কে সচেতন করে তোলার জন্য গ্রামে গ্রামে জনসভা করতে হবে এবং পাশের গ্রাম ভাদুরির চর জনসভা করে একটি মাদরাসা স্থাপনের ব্যবস্থা করতে হবে।
