পূর্বকথা
সমস্ত প্রশংসা মহান আল্লাহ্ তা'আলার, যিনি তাঁর ইবাদতের জন্য মানব ও জ্বিন জাতিকে সৃষ্টি করেছেন। আর তা সঠিকভাবে পালনের জন্য দিয়েছেন সুস্পষ্ট দিক নির্দেশনা। সে দিক নির্দেশনার আলোকে বহু গ্রন্থ প্রণেতা, বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন ও মুফতী শাইখ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন (রহঃ) মাজালিসে শাহরে রামাযান বা "রমযানের তা'লীম" নামে একটি গ্রন্থ প্রণয়ন করেন। কুরআন ও বিশুদ্ধ হাদীসের আলোকে রমযানের গুরুত্ব, মহত্ব ও প্রয়োজনীয় মাসায়েল আলোচিত হওয়ায় বইটি আরব দেশ ও মুসলিম বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।
তাই আমাদের দেশের মুসলিম সমাজের জন্য বইটির প্রয়োজনীয়তা অনুভব করে আল-ফোরকান ফাউণ্ডেশনের সম্মানিত মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুর রহমান সংস্থার দাওয়া ও শিক্ষা বিভাগকে বইটির সরল বঙ্গানুবাদের দায়িত্ব অর্পণ করেন।
আল্লাহ্ তা'আলার অশেষ রহমতে বিশিষ্ট ইমাম ও দায়ী মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুনিরুজ্জামান মির্জা, মাওলানা আমীনুল হক শাহ্, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা আবু সাঈদ, মাওলানা মাহমূদুল হাসান, মাওলানা আমীনুল হক বদি, মাওলানা মাহফুজ ও মাওলানা ওয়ালিউল্লাহ্ অক্লান্ত পরিশ্রম করে বইটির অনুবাদ সম্পন্ন করেন। জনাব আনোয়ার হুসেইন মজুমদার প্রুফ দেখে ও দাওয়া বিভাগের পরিচালক মাওলানা জাকারিয়া খাজা পরামর্শ দিয়ে বইটির সৌন্দর্য বৃদ্ধি করেন।
সম্মানিত মহাপরিচালক শত ব্যস্ততার মাঝেও বইটির সম্পাদনা করে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন। আল্লাহ তা'আলা সকলকে উত্তম প্রতিদান দিন।
مجالس شهر رمضان বা "রমযানের তালীম" বইটির অনুবাদের কাজ সম্পন্ন করতে পেরে আল্লাহ্ তা'আলার শুকরিয়া আদায় করছি। "আল হামদুলিল্লাহ"।
এ গ্রন্থে রমযানের সহীহ আমল, প্রয়োজনীয় মাসায়েল ও সঠিক দোয়ার বিষয়গুলি যেভাবে তুলে ধরা হয়েছে তা অতুলনীয়। সঠিক সিয়াম পালন ও প্রয়োজনীয় মাসায়েল সম্পর্কে জ্ঞানলাভে এ বইটি সকলের জন্য পাথেয় হবে বলে আমরা মনে করি। তাই এ বইটি সকলের সংগ্রহে রাখা একান্ত জরুরী। অনুবাদের ক্ষেত্রে ভাষাগত ভুলত্রুটি থাকাটাই স্বাভাবিক। পাঠকবৃন্দ! ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তা আমাদের অবগত করে বইটির মান উন্নয়নে সহযোগিতা করবেন, এ আশা পোষণ করছি।আল্লাহ তা'আলা এ খিদমতকে কবুল করুন ও সকল উত্তম কাজে সহায় হউন।
মাওলানা আঃ মতিন
পরিচালক
শিক্ষা বিভাগ
আল- ফোরকান ফাউন্ডেশন
বাংলাদেশ।
