দেশে ফিরে এলেন
দেশে ফিরে এলেন
মওলানা দরবেশ আহমদ অসাধারণ প্রতিভা বলে হিন্দুস্তান থেকে কুরআন, হাদীস, তফসির, ফিকাহ এবং হেকিমী ও ইউনানী শাস্ত্রে অগাধ জ্ঞান অর্জন করে দেশে ফিরে আসেন। তাঁর পিতা মাতা তখনো জীবিত ছিলেন। কিন্তু তাঁদের পূর্বের সেই বাড়ি ভিটা যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। শাফায়াত উল্লাহ রামপুড়েই নতুন বাড়ি করেছিলেন।
দরবেশ আহমদকে দেখে পিতামাত ও স্বজনেরা যেমন ভীষণ খুশি হলেন তেমনি এলাকাবাসী সবাই খুশি ও আনন্দিত হলেন। কিন্তু যমুনা বিধৌত রামপুর তথা পুরো গাবসারা চর অঞ্চল নদীর ভাঙ্গ গড়ার খেলায় সেই আদিম রূপই ধারণ করে আছে। দিকে দিকে বালুচর, কাশফুল, ছোট ছোট নতুন বাড়িঘর ছাড়া নতুন আর কোনো বৈচিত্র নেই।
মওলানা দরবেশ আহমদ হিন্দুস্থানে থেকে মনে মনে কাজের পরিকল্পনা করেছিলেন। যে স্বপ্ন দেখেছিলেন এলাকার পরিবেশ দেখে তা কপূলের মতো উড়ে গেল। এই অস্থায়ী জায়গায় দাওয়াখানা স্থাপন করে টিকে থাকা আর রুজি-রোজগার করার মতো কোন অবস্থা নেই। তখন কলকাতা ছিল ব্যবসা বানিজ্য, চাকরি-বাকরি ও রাজনীতির কেন্দ্রস্থান। সকল মানুষের দৃষ্টি ছিল কলকাতামুখী। দরবেশ আহমদ অনেক ভেবে চিন্তা করে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
